বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ ওয়াহিদি বলেছেন, তেহরানের বিরুদ্ধে হামলা হবে ইহুদিবাদী ইসরাইলের শেষ ভুল।
তিনি বলেছেন, ইসরাইল ও আমেরিকার হুমকির কোনো মূল্য নেই; তবে তারা এ ধরনের হুমকির মধ্যদিয়ে তাদের আগ্রাসী মনোভাবের পরিচয় তুলে ধরছে। জেনারেল ওয়াহিদি বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের তাতক্ষণিক জবাব দিতে ইরানি সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
ইরানের বিরুদ্ধে যুদ্ধংদেহী মনোভাব না দেখিয়ে তিনি আমেরিকার ভেতরের সমস্যা সমাধানে মোনাযোগ দেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।
গত ২১ এপ্রিল মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হ্যাগেল বলেছেন, ইরানের তরফ থেকে ইসরাইল ও আমেরিকা একই ধরনের হুমকি অনুভব করে। এ ছাড়া, ইরানের বিরুদ্ধে ইসরাইল দীর্ঘদিন ধরে যে হামলার হুমকি দিয়ে আসছে তার প্রতিও তিনি সমর্থন দিয়েছেন। এরপরই ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আহমাদ ওয়াহিদি এসব কথা বললেন।